শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পুরান ঢাকার ছোট কাটারায় বিকেল সাড়ে ৫টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে; হতাহতের খবর নেই।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চকবাজারের ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ভবনটির অবস্থান। ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামেই আগুনের সূত্রপাত হয়।

রাত সাড়ে ৯টার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, কর্মীরা প্লাস্টিকের গুদামঘরটি বন্ধ করে চলে গিয়েছিলেন। তাই সেখানে হতাহতের কোনো আশঙ্কা নেই। তবে প্রচণ্ড ধোঁয়া ছড়াচ্ছে বলে তিনি জানান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানানো হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।