বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

মান্দায় নিখোঁজের একদিন পর মুক্তিযোদ্ধা ক্লিনিকের প্রাচীরের ভেতর গৃহবধূ ময়না রানী দাসের মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

সোমবার দুপুর থেকে নিখোঁজ ৪৫ বছর বয়সী নারীর মরদেহ মঙ্গলবার সকালে মিলেছে; আলামত সংগ্রহ করেছে সিআইডি, মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।

নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের একদিন পর ময়না রানী দাস (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের প্রাচীরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।