গোপালগঞ্জে কথা কাটাকাটির জেরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার অভিযান শুরু
বৃহস্পতিবার সকালে টিউশনি থেকে ফেরার পথে জোবায়ের ভূঁইয়া নামে এক কলেজছাত্র বখাটেদের হামলায় নিহত হন।
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় কথা কাটাকাটির জেরে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
নিহত জোবায়ের ভূঁইয়া (২২) ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টিউশনি করে বাড়ি ফেরার পথে একদল যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়, এতে তিনি মারাত্মক আহত হন।
স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, পুখুরিয়া গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে সাত থেকে আট যুবক জোবায়েরকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুখুরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।