সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার পর গণপিটুনিতে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইয়ের মৃত্যু, মহাসড়ক অবরোধ ও বাড়িঘরে ভাঙচুর

বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ের নেতা সুরুজ্জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনির শিকার মেহেদী হাসান (৩১) সোমবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের দুজনের প্রাণহানি হলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হয়েছিলেন সুরুজ্জামান। নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় মেহেদীসহ কয়েকজন তাঁর পথ আটকে বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ্জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসারের দাবি, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুরুজ্জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, নিষিদ্ধ যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই মেহেদী হাসান এ হত্যায় জড়িত। জাহাঙ্গীর নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বলে স্থানীয়রা জানান। এসব অভিযোগ এখনো পুলিশের তদন্তে প্রমাণিত নয়।

হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকা অবরোধ করেন। পরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় লোকজন মেহেদীকে আটক করে গণপিটুনি দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, একই ঘটনায় পাল্টাপাল্টি হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।