ভারতে দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি নারী। শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শূন্যরেখায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
ফিরে আসা নারীরা হলেন সুমি খাতুন, সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার ও শিরিনা খাতুন। তাঁদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, প্রায় পাঁচ বছর আগে ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে এসব নারী বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরে পুনের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় তাঁরা পুলিশের হাতে আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা শেষে তাঁদের পুনের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল।
পরে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাঁদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করার পর নারীদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে রাখা হবে। সংস্থাটির যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন বলেন, সেখানে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।