রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রংপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় ট্রাকচাপায় তিনজন নিহত

কাউনিয়ায় এক মোটরসাইকেল আরোহী এবং রংপুর নগরীর সিও বাজার এলাকায় আরেক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

রংপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মাদরাসাশিক্ষক, একজন ইমাম এবং একজন বেসরকারি কোম্পানির ডিলার।

রোববার ভোররাত ৪টার দিকে রংপুর নগরীর সিও বাজার উত্তম এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত দুজনের নামই রেজাউল ইসলাম। তাঁদের একজন জগদীশপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং অন্যজন ওই মসজিদের ইমাম। একজনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে, অন্যজনের রংপুরের তারাগঞ্জ উপজেলায়।

ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশ ছিল নির্জন, কোনো দোকানপাট ছিল না। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রোববার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন ইটভাটার সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কুড়িগ্রামগামী একটি ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। কাউনিয়া থানার ওসি বাদল কুমার জানান, নিহত সাইফুল ইসলাম (৩০) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের বাসিন্দা এবং একটি কোম্পানির ডিলার হিসেবে কাজ করতেন। তিনি রংপুর নগরীতে কোম্পানির একটি সভায় যাচ্ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাউনিয়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।