বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি টাকা

২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প শেষ করার পরিকল্পনা; ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

বাংলাদেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র ফেনীর সোনাগাজীতে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ প্রকল্প হাতে নিয়েছে; বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিবি) পিএলসি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আগের দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রকল্প-সংক্রান্ত স্টার্টআপ কর্মশালার উদ্বোধন করেছেন।

সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও ইজিবি পিএলসির নিজস্ব অর্থায়নে ১ হাজার ৮৮৮ দশমিক ১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা জানান, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য ঠিক করা হয়েছে। এতে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে, কার্বন নিঃসরণ কমবে এবং জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়ন অভীষ্ট ৭.২ অর্জনে সহায়তা হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের পরিকল্পনাও রয়েছে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় ১ হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কাছের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হবে।