যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কেশবপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন (২৫) একটি টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এবং কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, তিনি রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় এলে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন।
কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। মারধর প্রসঙ্গে সম্রাট বলেন, যাঁরা তাঁকে ধরেছেন, তাঁরা দু-একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।
আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন ছেলের মুক্তি দাবি করে বলেন, তাঁর ছেলে কোনো অন্যায় করেননি। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
যশোর সাংবাদিক ইউনিয়ন রোববার রাতে এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দাবি করেন, আবদুল্লাহ আল মামুন তাঁদের সংগঠনের সদস্য এবং ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন। অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষী প্রমাণিত হননি।