বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগ; স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দু-একটি ‘সিম্বলিক’ ঘটনায় পরিস্থিতির অবনতি হয় না

ককটেল বিস্ফোরণ ও নাশকতা নিয়ে জামায়াত আমির শফিকুর রহমান সংসদে সরকারের ব্যর্থতার অভিযোগ তুললে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ হত্যাকাণ্ড কমার তথ্য তুলে ধরেন।

দেশে ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে উদ্বেগ জানালে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শফিকুর রহমান বলেন, আর্মি গলফ ক্লাব, এসবির সদর দপ্তরের সামনে ও থানার ফটকেও ককটেল বিস্ফোরণ হয়েছে। তাঁর ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল ফুটেছে এবং মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন। পার্বত্য সীমান্ত এলাকায় একজন তরুণ সেনাসদস্যের মৃত্যু, সাজেকে অস্থিরতা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কথাও তিনি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, এতগুলো ঘটনার পরও অপরাধীদের গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি নেই এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজ থেকে সংসদে কোনো বিবৃতি দেননি। বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোনে শাসানো এবং একটি গোয়েন্দা সংস্থা থেকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও তিনি করেন। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল হিসেবে উদ্বেগ প্রকাশ স্বাভাবিক এবং সরকার গঠনমূলক সহযোগিতাকে স্বাগত জানায়। তাঁর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি গাড়ির ছাদে ককটেল ফাটলে কিংবা ফাঁকা বাসে আগুন দিলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না; এসব ‘সিম্বলিক’ ঘটনা বড় করে দেখিয়ে অবনতি দাবি করা বাস্তবসম্মত নয়।

মন্ত্রী জানান, সারা দেশে সম্প্রতি মোট সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে সিএমএম কোর্ট এলাকার ঘটনায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ড প্রায় ৩০০টি কমেছে। তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণ-অভ্যুত্থানে বিদায় নেওয়া ফ্যাসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের ভেতর বা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরা হবে এবং শক্ত হাতে প্রতিহত করা হবে।