এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্টটি ভুয়া বলে যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে। চলতি বছরের পরীক্ষার ফল এখনো প্রকাশই হয়নি।
‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’—এমন লেখা দিয়ে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ৪০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে কেউ ফটোকার্ড, কেউ শুধু লেখার মাধ্যমে তথ্যটি প্রচার করছে। এসব পোস্টে সূত্র হিসেবে একটি টিভি চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে। শিক্ষাবিষয়ক তথ্য দেওয়া একটি ফেসবুক পেজের পোস্টে ৮ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া ও ৭৮০টির বেশি মন্তব্য পড়েছে।
যাচাই করে দেখা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।
পোস্টে সূত্র হিসেবে যে টিভি চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে, তাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে ‘পাসের হার ৫৩.২৩%’ এমন কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো সেই চ্যানেলের ওয়েবসাইটে ২৭ অক্টোবর ‘এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া গেছে।
পূর্বঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে কেবল সরকারি ঘোষণার ভিত্তিতে ফলের তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।