বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীরাও নতুন বেতনকাঠামোয় বেতন পাবেন, ১ জুলাই থেকে কার্যকর; মিলবে না বার্ষিক বর্ধিত বেতন

জাতীয় বেতনকাঠামো-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে এ নিয়ম করা হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়মিত চাকরিজীবীদের মতো চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্যও গত ১ জুলাই থেকে নতুন কাঠামোর বেতন কার্যকর হবে। তবে চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির সুবিধা তাঁরা পাবেন না। সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অসামরিক পদে চুক্তিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে।

জাতীয় বেতনকাঠামো-২০১৫ অনুযায়ী ১ জুলাই ২০২৬-এর আগে চুক্তিতে নিয়োগ পেয়েছেন এবং ১ জুলাইয়ের পরও যাঁদের চুক্তির মেয়াদ বহাল আছে, তাঁদের বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। এ জন্য চুক্তি সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী নতুন বেতন ১ জুলাই থেকে কার্যকর হবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী তাঁরা বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতা পাবেন।

অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। নতুন নিয়ম গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। সরকারি চাকরিতে বর্তমানে চুক্তিভিত্তিক কতজন নিয়োজিত, তার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।