বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণে দৈনিক সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট: পেট্রোবাংলা

মহেশখালীর একটি টার্মিনালে জরুরি কাজের কারণে চার দিন কোনো কোনো এলাকায় সাময়িক স্বল্পচাপ দেখা দিতে পারে, তবে সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে”—এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলছে, সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না; তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার দিন সরবরাহ কমতে পারে।

মঙ্গলবার পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

এর ফলে চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। অর্থাৎ দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কম থাকার আশঙ্কা রয়েছে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের নামে ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে পেট্রোবাংলার নজরে এসেছে। এ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।