রাজশাহী মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, মসজিদ আল্লাহর ঘর; দলমত নির্বিশেষে এর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মসজিদ কমপ্লেক্সটির উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশন মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। বালিয়াপুকুর জামে মসজিদের উন্নয়নেও সহায়তা করা হবে। তাঁর ভাষ্য, কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় উন্নত পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা এবং রাসিকের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর দোয়া ও মোনাজাত হয়; মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক মোনাজাত পরিচালনা করেন। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. মুরাদ হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে রাসিকের নির্বাহী প্রকৌশলীরা, এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।