বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজার রেলস্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ, অফিস কক্ষের দরজায় আগুন

রোববার দিবাগত রাত ৩টার দিকে তিনটি পেট্রলবোমা ছোড়া হয়; স্টেশন মাস্টার ও পুলিশ বলছে, কোনো হতাহত বা বড় ক্ষতি হয়নি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ ও পুলিশ।

বারবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার একটি বাক্সে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে অফিস কক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। অফিস কক্ষের দরজা বন্ধ থাকায় ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, রাতে স্টেশনে দুর্বৃত্তরা পেট্রলবোমাসদৃশ তিনটি বস্তু ছুড়ে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি।