পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকে গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা গেছে। শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে জেলার বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। প্রায় একই সময়ে ছয়দানা কলম্বিয়া এলাকায় অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তাসহ আরও কয়েকটি স্থানে বিক্ষোভ হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যান চলাচল বন্ধ ছিল; পরে তা স্বাভাবিক হয়। দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পাওয়া গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন এবং কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাঁদের কাছে ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য রয়েছে।
শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড এলাকায় সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কয়েকটি কারখানার ফটকে কর্তৃপক্ষ তিন দিনের ছুটির নোটিস টাঙিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, সকাল আটটার দিকে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে একটি কারখানার সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে ফটক ঠেলে ভেতরে ঢুকে পড়েন।
গত মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠকের পর নিম্নতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে, যা আগের তুলনায় ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। তবে এটি কার্যকরের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন; নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা আছে।
নাওজোড়ের বিক্ষোভরত শ্রমিক কবির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ১২ হাজার ৫০০ টাকায় সংসার চালানো কঠিন; দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধে যানজটে আটকা পড়া যাত্রী ও চালকেরা ভোগান্তির কথা জানিয়েছেন।