শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নীতি সুদহার সাড়ে ৯ শতাংশ যৌক্তিক মনে করে না সরকার, ৭ শতাংশে নামানোর কথা বললেন অর্থ উপদেষ্টা

ব্যাংকিংয়ে নৈতিকতা নিয়ে গোলটেবিলে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ে সুদহার কমানোর চেষ্টা চলছে।

বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাড়ে ৯ শতাংশ নীতি সুদহারকে যৌক্তিক মনে করে না সরকার। এ হার কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না সরকার। এ কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটিকে এ বিষয়ে কোনো নির্দেশনাও দেওয়া হচ্ছে না। বরং রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুদহার কমানোর চেষ্টা চলছে। মূল্যস্ফীতির চেয়ে সুদহার কম হতে পারে কি না, সে প্রসঙ্গে তিনি জাপানের উদাহরণ দেন—সেখানে মূল্যস্ফীতি ৩ শতাংশ হলেও সুদহার ১ শতাংশ।

তিনি জানান, বিনিয়োগের স্বার্থে ঋণের সুদহার কমাতে ৩৯ হাজার কোটি টাকার একটি তহবিল এবং সরকারের রাজস্ব থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সুদহার কমানোর জন্য সরকারের পক্ষ থেকে এখনো আহ্বান জানানো হচ্ছে।

ব্যাংক খাতের পুনরুদ্ধারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলো পুনরুদ্ধারে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। চার বছর মেয়াদি কর্মসূচির আওতায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনা চলছে। তবে কিছু আশার খবরও আছে; অতীতে দূরে সরিয়ে দেওয়া কিছু দেশ বা বিদেশি পক্ষ আবার আগ্রহ দেখাচ্ছে, যেমন সৌদি আরব। ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রম তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকে আলাদা বিভাগ গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী। তিনি বলেন, ঋণ অনুমোদনে কখনো কখনো রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সম্পর্ক ভূমিকা রেখেছে, ফলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা দুর্বল হয়েছে। সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ব্যাংক খাতে ৩৩ শতাংশ খেলাপি ঋণের যে হিসাব রয়েছে, তার মধ্যে পাচার হওয়া অর্থও আছে; তাই প্রকৃত খেলাপি ঋণ ও পাচার হওয়া অর্থের পৃথক পরিসংখ্যান প্রকাশ করা উচিত।