মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোংলায় চোরাই মালামালসহ জনতার হাতে ধরা পড়া দুই যুবকের সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড

রোববার গভীর রাতে স্থানীয়দের হাতে আটক দুজনকে পরদিন সোমবার আদালত এক বছর ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বাগেরহাটের মোংলায় চোরাই মালামালসহ স্থানীয় জনতার হাতে আটক দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাকিল হাওলাদার (২২), বাবা মো. শামীম হাওলাদার এবং মো. আবুল হোসেন (২৩), বাবা মো. আমজাদ হোসেন। আদালতের আদেশে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অপরজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুজনকেই আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার গভীর রাতে মোংলা পৌরসভার রিজেকশন গলি থেকে চোরাই মালামালসহ ওই দুই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মোংলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। পরদিন সোমবার আদালতে হাজির করা হলে বিচারক দণ্ডাদেশ দেন। তাঁদের কাছ থেকে একটি গ্রেডিং মেশিন, একটি সেলাই রেঞ্চ, একটি মাঙ্কি রেঞ্চ, পাঁচটি এল-রেঞ্চ এবং ৪৮ ইঞ্চি লম্বা একটি ওয়েল্ডিং ক্যাবল জব্দ করা হয়েছে।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, মোংলা ও রামপাল এলাকায় মাদক ব্যবসায়ী, চোর ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। অপরাধ করে কেউ পার পাবে না এবং অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, চোরাই মালামালসহ আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।