বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজ এবং ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নতুন নাম ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নাম হবে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’র নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। আর ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম বদলে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয় থেকে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়। বৃহস্পতিবার মন্ত্রণালয় চিঠি দিয়ে নতুন নামের অনুমোদনের কথা কোস্টগার্ডকে জানায়। চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তাঁরা শহীদ হন।