পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশ কেনার মামলা সাত বছরেও চার্জশিট পর্যন্ত গড়ায়নি। একটি চক্র মামলাটি ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ করা হচ্ছে। মামলার আসামিদের মধ্যে ঠিকাদার ও ১৩ জন প্রকৌশলী গত সাত বছর ধরে জামিনে আছেন।
২০১৯ সালের ১২ ডিসেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জামিন দেন এবং একই সঙ্গে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে আসামিদের অর্ধেকেরও বেশি বিদেশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিরীক্ষা তথ্য অনুযায়ী, রূপপুর প্রকল্পে ২০টি ভবন তৈরিতে নানা অনিয়মের মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা লুটপাট হয়েছে বলে উঠে এসেছে। এর মধ্যে ৪ হাজার ৭০২টি বালিশের দাম ধরা ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা, অথচ কেনা হয়েছিল ৫ কোটি ৪১ লাখ টাকায়। অতিরিক্ত দামে বালিশ কেনায় সরকারের ৩ কোটি ৯২ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এ টাকা আত্মসাতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা আবশ্যক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র জানায়, বালিশসহ রূপপুরের আবাসিক ভবনের বিভিন্ন আসবাবপত্রের জন্য মোট বরাদ্দ ছিল ১৬৯ কোটি টাকা। পাবনা গণপূর্ত বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অস্বাভাবিক দামে সামগ্রী কেনা দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অনুসন্ধানে দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অনুসন্ধানের ভিত্তিতে মামলার অনুমোদন দেয় দুদক। পরে ঢাকার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সদর দপ্তর থেকে পুলিশ ১৩ জন প্রকৌশলী ও দুজন ঠিকাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তাঁরা জামিনে মুক্ত হন। এখানে উল্লেখিত ব্যক্তিরা অভিযুক্ত মাত্র; আদালতে কারও দোষ প্রমাণিত হয়নি।