কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে একটি মাদি হাতি। সোমবার সকাল থেকে হাতিটিকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। আহত হাতির পাশে সারাক্ষণ রয়েছে আরেকটি হাতি।
স্থানীয় লোকজন জানান, সকাল ছয়টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। কয়েক দিন ধরে বাহারছড়া, জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল।
বনকর্মী ও স্থানীয়দের ধারণা, পাশের পাহাড়ে থাকা মানবপাচারকারী ও অপহরণকারী চক্রের আস্তানায় রাতে বা ভোরে হাতি দুটি হানা দিয়েছিল। তখন চক্রের সদস্যদের ছোড়া গুলিতে মাদি হাতিটির পায়ে আঘাত লেগে থাকতে পারে।
বাহারছড়ার শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা আহত হাতিটিকে দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থার চেষ্টা চলছে। তবে গুলিতে হাতিটির পায়ে আঘাত লেগেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
বনকর্মীরা জানান, মাদি হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গিয়ে সেখান থেকে রক্ত ঝরছে। গুরুতর আঘাতের কারণে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সঙ্গী হাতিটি এক মুহূর্তের জন্যও আহত হাতিকে একা ছাড়েনি। চলার সময় মাদি হাতিটি এগোতে কষ্ট পেলে সঙ্গী হাতিটি তার পাশে দাঁড়িয়ে থাকছে। সঙ্গী হাতি কাছে থাকায় লোকজন সেখানে ভিড়তে পারছেন না।