রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আজ রোববার ভোরে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় লাগা ওই আগুনে কমপক্ষে সাতটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৫৪ মিনিটের দিকে তারা আগুনের খবর পায় এবং ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বনানী থানার পুলিশ জানায়, আগুনের সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে শাহরিয়ারের মৃত্যু হয়। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন। তাঁর বাবার নাম মনির হোসেন, মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তাঁদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, পুড়ে যাওয়া ঘরের সংখ্যা সাত থেকে আটটি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।