পাবনার ঈশ্বরদীতে বিধিবহির্ভূতভাবে মাত্র দুই কৃষকের কাছে ৮০ বস্তা সার বিক্রির অপরাধে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স তাইম বীজভান্ডারের মালিক ও সার ডিলার কামাল হোসেনকে এ জরিমানা করা হয়। সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে এই অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার। অভিযান সম্পর্কে তিনি বলেন, কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম মেনেই সার বিক্রি করতে হবে। কোনো ডিলার বিধিবহির্ভূতভাবে সার বিক্রি করলে কিংবা সার মজুত ও বিতরণে অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁর ভাষ্য, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মমিন এবং ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।