মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নভেম্বরে এ পর্যন্ত ১২১টি ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ৯৯টি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান ঝটিকা মিছিল, পুলিশের স্থাপনায় হামলা ও গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার সরকারি হিসাব তুলে ধরেন।

চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সারা দেশে ১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি হয়েছে এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এ ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি হয়েছে; গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় ঝটিকা মিছিলের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে তিনি জানান, এ পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন; একটি মামলা হয়েছে এবং চারজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে বেশি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৭২টি শাখায় হামলা হয়েছে, আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জন গ্রেপ্তার হয়েছেন।

বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন বলে জানান উপদেষ্টা। গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতা-কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। হাসপাতালে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে তিনি বলেন, হাসপাতাল কোনো হামলার লক্ষ্যবস্তু হতে পারে না।

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের ব্যবস্থার মেয়াদও একই দিনে শেষ হবে।