নাটোরের নলডাঙ্গায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে গেদি বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বনি ইসরাইলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা থানার আওতাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নলডাঙ্গা-পাটুল পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস এবং থানার জরুরি ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা নিহতের লাশ এবং দুর্ঘটনার শিকার ট্রাকটি চালকসহ থানায় নিয়ে আসেন।
আটক ট্রাকচালকের নাম কাইসার (৩৭)। তিনি নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার নুরুর ছেলে। পুলিশ জানায়, তিনি পাট নিয়ে পণ্ডিতগ্রামের একটি গুদামে যাচ্ছিলেন। নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।