কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে এবং বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলায় ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা আনন্দ ও উৎসাহের। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন চলবে। নতুন প্রজন্ম যেন খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়, সে জন্যই মাঠ তৈরি ও বিদ্যমান মাঠ আধুনিকায়নের কথা তিনি বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে; এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়া সম্ভব। তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হবে। কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নেয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আদর্শ সদর দলের রবিউল ইসলাম সবুজ, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চান্দিনা দলের মেহেদী। অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।