দেশের শিল্পখাতে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে গেছে, অর্থাৎ নতুন বিনিয়োগ কমছে। ব্যবসায়ী, ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকেরা বলছেন, নতুন শিল্প স্থাপন বা চালু কারখানা সম্প্রসারণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভালো প্রকল্পের ঋণ প্রস্তাবও জমা পড়ছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–সেপ্টেম্বরে দেশে মোট ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানি ছিল ১ হাজার ৬৮০ কোটি ডলার; অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ২৫৩ কোটি ১০ লাখ ডলার। তবে এই প্রবৃদ্ধিতে মূলধনি পণ্যের কোনো অবদান নেই। বরং মূলধনি পণ্যের আমদানি কমেছে প্রায় ১৩.৬০ শতাংশ। গত অর্থবছরের প্রথম তিন মাসে এ খাতে আমদানি ছিল ২৮৫ কোটি ডলার, চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৪৬ কোটি ৩১ লাখ ডলারে। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতির আমদানি ৯৯ কোটি ২৫ লাখ ডলার থেকে কমে ৭৬ কোটি ৯৩ লাখ ডলারে নেমেছে।
অন্যদিকে শিল্পের কাঁচামালসহ মধ্যবর্তী পণ্যের আমদানি ২২.৭০ শতাংশ বেড়ে ১ হাজার ১০৭ কোটি ৩১ লাখ ডলার থেকে ১ হাজার ৩৫৮ কোটি ৯৪ লাখ ডলারে পৌঁছেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বেড়েছে ১১৮.১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়। পরিস্থিতি ভালো থাকলে আমদানি বাড়ে; বর্তমানে আমদানির যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা মূলত জ্বালানির কারণে। চলমান সংকটে নতুন করে কেউ এ খাতে বিনিয়োগে যাচ্ছেন না বলেই মূলধনি যন্ত্র আমদানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
ব্যবসায়ী ও বিশ্লেষকেরা বলছেন, গত তিন বছর ধরেই অর্থনীতিতে শ্লথগতি বিরাজ করছে। গণ-অভ্যুত্থানের পর ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি নাজুক হয়ে পড়ে, আর গ্যাস ও বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়েছে। বস্ত্র খাতের মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, গত তিন বছর ধরেই দেশে বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক এবং নতুন করে মূলধনি বিনিয়োগ হচ্ছে না বললেই চলে।