শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার মধ্যেও নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং ঢাকার সাভার শিল্পাঞ্চলে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে। স্থানীয় প্রতিনিধিদের খবর অনুযায়ী, মালিকপক্ষের আশ্বাস ও আলোচনার পর এসব এলাকায় শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা গেছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোনারগাঁওয়ের সংবাদদাতা জানান, পুরো নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের আবহ থাকলেও সোনারগাঁওয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। এ অঞ্চলের শতাধিক পোশাক কারখানা সচল রয়েছে এবং মালিকদের আশ্বাসে আস্থা রেখে হাজার হাজার শ্রমিক কাজে ফিরছেন। কাঁচপুর শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, গত তিন দিন ধরে কাঁচপুর ও টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার কারখানায় উৎপাদন স্বাভাবিক। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে। জেলা যুবদলের এক নেতা বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা চলছে এবং এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাভারের সংবাদদাতা জানান, সাভার শিল্পাঞ্চলের হেমায়েতপুরের এ কে এইচ গ্রুপ, ফুলবাড়িয়া ও পৌর এলাকার উলাইলসহ অধিকাংশ কারখানায় গতকাল সকাল থেকে শ্রমিকেরা দল বেঁধে কাজে ফিরেছেন। পরিস্থিতি অনেকটাই শান্ত। সাভার রেডিও কলোনির একটি কারখানার অপারেটর শফিকুর রহমান জানান, দুপুরের খাবারের বিরতির পর তাঁদের ছুটি দেওয়া হয়। হেমায়েতপুরের কিছু কারখানাও ছুটি দেওয়া হয়েছে।
নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের নবীনগরে বিএনপির নেতা-কর্মীরা পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে জানা গেছে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।