বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে ভূগর্ভের গ্যাস, ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল

প্রথমে কূপটি নিরাপদে বন্ধ করে গ্যাসপ্রবাহ নিয়ন্ত্রণ, পরে মজুদ নির্ণয়ে ভূতাত্ত্বিক জরিপের সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞ দল।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে লাগা আগুন টানা ১৫ দিন ধরে জ্বলছে, সঙ্গে চলছে পানির প্রবাহ। মঙ্গলবার সকালে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ৯ সদস্যের বিশেষজ্ঞ দল।

দলের নেতৃত্ব দেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম। তিনি জানান, ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ, চাপ ও স্থায়িত্ব পর্যবেক্ষণ করা হয়েছে এবং প্রবাহ ও চাপ প্রায় একই মাত্রায় রয়েছে। তবে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ, তাই প্রথম অগ্রাধিকার হিসেবে কূপটি নিরাপদে বন্ধ করে প্রবাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে। এরপর গ্যাসের উৎস, বিস্তৃতি ও সম্ভাব্য মজুদ নির্ণয়ে ভূতাত্ত্বিক জরিপ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ অক্টোবর নলকূপ খননে আনুমানিক এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে এবং একপর্যায়ে তাতে আগুন ধরে যায়। প্রাথমিক পর্যবেক্ষণে এটি থার্মোজেনিক গ্যাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য মজুদ নিশ্চিত হতে গ্যাসের রাসায়নিক বিশ্লেষণ, ভূতাত্ত্বিক কাঠামো এবং চাপ ও প্রবাহের হার নির্ণয় জরুরি। চাপ বিবেচনা না করে হঠাৎ আগুন নেভানো বা কূপের মুখ বন্ধ করলে অন্য দুর্বল স্তর দিয়ে গ্যাস বেরিয়ে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রয়োজনে রিলিফ কূপ খনন এবং পরে দ্বিমাত্রিক (২-ডি) সিসমিক জরিপও বিবেচনা করা হতে পারে।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।