দেশের জ্বালানি চাহিদা মেটাতে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কমিটি সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধির আওতায় জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার সুপারিশ করেছে। একই বিধান অনুযায়ী আলাদাভাবে সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিং লিমিটেড থেকেও সরাসরি এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ওজিমাদু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজি জেমস বিহাইভ নামের আরও দুটি প্রতিষ্ঠান থেকেও সরাসরি এলএনজি সংগ্রহের সুপারিশ রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই তিনটি এলএনজি ক্রয়ের প্রস্তাব উত্থাপন করেছিল।
জেরা গ্লোবাল মার্কেটসের সঙ্গে চূড়ান্ত হওয়া স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয়-ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্মশিট পেট্রোবাংলার স্বাক্ষরের প্রস্তাবও এই প্রস্তাবের অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকে আরেকটি সিদ্ধান্ত হয় আগামী ২০২৭ সালের রমজানের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ টন খেজুর কেনা নিয়ে। বাণিজ্য মন্ত্রণালয় সরকারের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে ক্রয় বিধিমালার ১০২(১)(ক) বিধির আওতায় দরপত্র তৈরি ও জমা দেওয়ার সময় কমানোর প্রস্তাব এনেছিল। কমিটি তাতে সুপারিশ করেছে।
এ ছাড়া ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ করানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রস্তাব এনেছিল।
এ অনুমোদন নীতিগত। কোন প্রতিষ্ঠান থেকে কত কার্গো এলএনজি কেনা হবে এবং দাম কত পড়বে, প্রাপ্ত তথ্যে তার উল্লেখ নেই।