টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সংস্থার নিজস্ব মূল্যায়নে বলা হয়েছে, পদ্মা সেতু চালুর পর থেকে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার ফলে ঋণের দায় পরিশোধের সক্ষমতাও কমেছে। গত রোববার নৌপরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থাটির দেওয়া প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে সংস্থাটি প্রায় ২১ কোটি টাকা লাভ করেছিল। এরপর আর লাভের মুখ দেখেনি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪৩৮ কোটি ৫৯ লাখ টাকা, ব্যয় ৪৪০ কোটি ৮৬ লাখ টাকা; লোকসান ২ কোটি ২৭ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ৩৬০ কোটি ও ব্যয় ৪০০ কোটি ১০ লাখ টাকা, লোকসান ৩৯ কোটি ৮০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে লোকসান ৪২ কোটি ২০ লাখ এবং ২০২৪-২৫ অর্থবছরে ২৮ কোটি ১৪ লাখ টাকা।
অনিরীক্ষিত হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে আয় হয়েছে ৩২৮ কোটি ৪০ লাখ টাকা, ব্যয় ৩৫২ কোটি ৯৬ লাখ টাকা; লোকসান ২৪ কোটি ৫৬ লাখ টাকা। সব মিলিয়ে পাঁচ বছরে মোট লোকসান ১৩৭ কোটি টাকার বেশি। সরকারের কাছে সংস্থাটির ঋণ ৭১৭ কোটি টাকা, যার বিপরীতে প্রতিবছর ১৫ কোটি টাকা ঋণ পরিশোধের দায় সরকারি কোষাগারে জমা দিতে হয়।
সংস্থা জানিয়েছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ফেরির ওপর নির্ভরতা কমেছে এবং ওই দিন থেকে মাওয়া-কাঁঠালবাড়ী ফেরি সার্ভিস বন্ধ আছে। পাঁচ বছরে বিভিন্ন ফেরি রুটে ১ কোটি ১৬ লাখের বেশি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া রুট থেকে আয় প্রায় ৮৮১ কোটি ১৩ লাখ টাকা, চাঁদপুর-শরীয়তপুর থেকে ১৫৭ কোটি ১৪ লাখ, আরিচা-কাজিরহাট থেকে ১৪৪ কোটি ৬৮ লাখ, লাহারহাট-ভেদুরিয়া থেকে প্রায় ১২৫ কোটি ৮৯ লাখ এবং ভোলা-লক্ষ্মীপুর থেকে প্রায় ১০৯ কোটি ৯৭ লাখ টাকা।
আয় বাড়াতে সংস্থাটি নতুন রুট চালুর চেষ্টা করছে বলে জানিয়েছে; গত ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত ফেরি সার্ভিস চালু হয়েছে। এ ছাড়া ১৫টি প্রকল্প নেওয়ার পরিকল্পনা কমিটিতে তুলে ধরা হয়। এমভি বাঙালি, রূপসা, মধুমতি ও সুগন্ধাকে ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, এমভি সোনারগাঁওকে ভাসমান রেস্তোরাঁ করা হয়েছে। চারটি ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমারের একটি সচল আছে।
সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক বলেন, লোকসানে থাকা সংস্থাগুলোর কারণ ও করণীয় দেখতে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছে; এটি দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির সূত্র জানায়, পদ্মা সেতুর প্রভাবে আয় কমার কথা ঠিক, তবে লোকসানের এটিই একমাত্র কারণ কি না, তা নিয়ে কোনো কোনো সদস্যের প্রশ্ন আছে। অতীতে অনিয়ম-দুর্নীতির অভিযোগও রয়েছে।