রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জাতীয় লিগের শেষ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে মোসাদ্দেকের অপরাজিত ১৩৭, প্রথম দিন শেষে ময়মনসিংহ ৭ উইকেটে ৩০৯

সিলেটের একাডেমি মাঠে ৭ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন মোসাদ্দেক হোসেন; ড্র করলেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা।

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। তাঁর অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩০৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের ১২তম সেঞ্চুরি। ২০১৮ সালে বিসিএলে সর্বশেষ এই সংস্করণে শতক পেয়েছিলেন তিনি; অর্থাৎ ৭ বছর পর আবার তিন অঙ্কের দেখা পেলেন। ময়মনসিংহের আর কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি। মোসাদ্দেকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান এসেছে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে।

অন্য ম্যাচগুলোর মধ্যে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ বরিশাল টস জিতে আগে ব্যাট করে ২০৩ রানে ৬ উইকেট হারায়। দিন শেষে ফজলে মাহমুদ ১৫৬ বলে ৬৮ রানে অপরাজিত আছেন। সিলেটের আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট।

ঢাকার বিপক্ষে চট্টগ্রাম ২৮৮ রানে অলআউট হয়েছে। সাদিকুর রহমান ও শাহ পরান ফিফটি করেন। ঢাকার হয়ে সুমন খান তিনটি ও সালাউদ্দীন শাকিল দুটি উইকেট নেন। দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ঢাকা ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান তোলে।

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে রংপুর; তারা ৭ উইকেটে ৩২০ রান তুলেছে। ওপেনার মিম মোসাদ্দেক এবারের জাতীয় লিগে ১৩ ইনিংসে আটবার পঞ্চাশের বেশি রান করলেন। আব্দুল্লাহ আল মামুন করেন দলের সর্বোচ্চ ৭৩, ফিফটি পান নাসির হোসেনও। খুলনার সফর আলী ও শেখ পারভেজ দুটি করে উইকেট নেন। এই ম্যাচ জিতলে বা ড্র করলেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা।