শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ঢাবির ছাত্রী ও তাঁর মাকে বাসে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রাখলেন শিক্ষার্থীরা, মুচলেকায় ছাড়

মুহসীন হল মাঠে শনিবার বাসগুলো আটকে রাখা হয়; বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রক্টর বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার মুহসীন হল মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে মুচলেকা নিয়ে বেলা আড়াইটার পর সেগুলো ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই ছাত্রী ঘটনার বর্ণনা দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে তিনি সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। বাসের সহকারী ৯০ টাকা ভাড়া চান, অথচ তাঁর জানা মতে ওই পথে ভাড়া ৭০ টাকা। আপত্তি জানালে বাগ্‌বিতণ্ডা হয় এবং শেষ পর্যন্ত পুরো ভাড়াই দিতে হয়। এরপরও সহকারী দুর্ব্যবহার করেন বলে তিনি অভিযোগ করেন।

ওই ছাত্রীর অভিযোগ, তিনি পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া (হাফ পাস) দিতে চাইলে চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না। বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলেন এবং বিনা ভাড়ায় তুললেও তাঁদের নিয়ে পোষাবে না বলে মন্তব্য করেন।

এর প্রতিবাদে শনিবার একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না; ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে বাসগুলো মুহসীন হল মাঠে রাখা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং বলেন, বাস আটকে রাখার বিষয়টি তিনি জানেন এবং পরিবহন মালিকপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। আলোচনার মাধ্যমে বসে সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আশা করছেন।