ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বুধবারও বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর ছয়দানা এলাকায় একটি কারখানার সামনে কর্মসূচি শুরু করেন তাঁরা। একপর্যায়ে ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরও শ্রমিকেরা মহাসড়ক ছাড়তে না চাইলে সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। পরে শ্রমিকেরা আবার হারিকেন এলাকায় অবস্থান নেন। মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন, তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং শ্রমিক আন্দোলনের কারণে সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবারও কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।