সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ছিল ২৩ হাজার ৮৫ জন।
শনিবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্যে দেখা যায়, বাতিল ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ২১টি বাতিল হয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
সৌদি আরব বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান গন্তব্য। ফলে ফ্লাইট বাতিলের প্রভাব পড়তে পারে সৌদিগামী ও দেশে ফেরা যাত্রীদের ওপর। বিধিনিষেধ কবে নাগাদ তোলা হবে, তা প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়নি।