চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১১ হাজার ৯০০ টাকা। বর্তমানে এই খাতের ন্যূনতম মজুরি ৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ ন্যূনতম মজুরি ৪ হাজার ৮০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা, যা বর্তমানে ৮ হাজার ৫২৫ টাকা। এতে কর্মচারীদের মজুরি বাড়ছে ৫ হাজার ৮৮০ টাকা। শিক্ষানবিশ কর্মীদের মজুরি ধরা হয়েছে ১০ হাজার টাকা; শিক্ষানবিশকাল তিন মাস, প্রয়োজনে মালিকপক্ষ এই সময় বাড়াতে পারবে। প্রতিবছর মজুরি ৫ শতাংশ হারে বাড়বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয় এবং কয়েকটি সভার পর আগস্টে মজুরিকাঠামো চূড়ান্ত করে। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ হয়েছিল। বোর্ডে শ্রমিকপক্ষ শুরুতে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলে মালিকপক্ষ প্রথমে ৮ হাজার টাকা দিতে চেয়েছিল।
নতুন কাঠামোয় শ্রমিকদের ছয়টি গ্রেড রয়েছে। ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মোট মজুরি ১১ হাজার ৯০০ টাকা, যার মধ্যে মূল মজুরি ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ৬০০ ও খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা। পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের ১৩ হাজার ৮৫, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫, তৃতীয় গ্রেডে ১৫ হাজার ৮৭৫, দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ এবং প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যানদের ২৩ হাজার ২৫৫ টাকা।
দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা আছে, যেখানে দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা চ্যালেঞ্জের মধ্যে আছেন, অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরা ভালো নেই; সব দিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এই মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই, কারণ বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।