নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব তুলেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে অথবা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে গুরুতর বিচ্যুতি উদ্ঘাটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনধিক ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় আলোচনায় আসে। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
বৈঠকে খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরোনো ও অব্যবহারযোগ্য গুদাম চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদীয় কমিটি সারা দেশের খাদ্যগুদামের প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করে। সংরক্ষিত শস্যের মান ধরে রাখতে পোকামাকড় ও ছত্রাকের ঝুঁকি কমানোর জন্য সঠিক আর্দ্রতায় খাদ্যশস্য সংগ্রহের নির্দেশনা এবং গুদামে যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ফেরাতে ডিলার নিয়োগের নীতিমালা সংশোধনের তথ্যও বৈঠকে জানানো হয়। আগে প্রতি ৫০০ উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগ দেওয়া হবে। এতে বিশৃঙ্খলা ও অনিয়ম কমবে বলে আশা করা হচ্ছে।
তৈরি পোশাক শ্রমিকদের খাদ্যব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রত্যেক শ্রমিক কেজিপ্রতি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি হচ্ছে।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।