বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসকে বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ করে অন্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দেওয়ার অভিযোগের বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করা হয়েছে।
বুধবার বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট এয়ারলাইনস এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে যাত্রীদের নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
বেবিচক জানিয়েছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইনসের উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিল অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। তাই প্রতিটি ফ্লাইট ওড়ার আগে কেবিন ভালোভাবে পরিষ্কার করা এবং নিয়মিত স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, কিছু এয়ারলাইনস তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে বলে কর্তৃপক্ষের পর্যবেক্ষণে এসেছে। কোনো এয়ারলাইনস বিশ্বের অন্য রুটে যাত্রীদের যে সুযোগ-সুবিধা দেয়, বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা দিতে হবে এবং রুটভেদে সেবার মানে বৈষম্য রাখা যাবে না।
ভ্রমণের দূরত্ব ও দেওয়া সেবার তুলনায় কোনো কোনো রুটে ভাড়া বেশি বলেও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে দূরত্ব বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে তা যৌক্তিক পর্যায়ে রাখার উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজের পরিচ্ছন্নতা, সেবার মান, উপযুক্ত উড়োজাহাজ ব্যবহার ও ভাড়ার যৌক্তিকতা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং বাস্তব পরিস্থিতি যাচাইয়ে পরিদর্শনও চলবে।