বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

এক দিনে জঙ্গল সলিমপুরের ৬৪ দলিল নিবন্ধন: সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

আইন ও বিচার বিভাগের আদেশে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করে সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক দিনে ৬৪টি জমির দলিল নিবন্ধন করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার ও বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরের সাবরেজিস্ট্রার রায়হান হাবিবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাবরেজিস্ট্রার রেজাউল করিম বকসু বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৭৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও নিবন্ধন হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর একদিনেই ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করা হয়। বিষয়টি জানাজানি হলে ২৮ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সলিমপুর মৌজার বিভিন্ন দাগের ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছেন ইয়াসিন। তিনি র‍্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি বলে জানানো হয়েছে।

এ বছরের ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে প্রথমবারের মতো জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেন। এর পর থেকে ইয়াসিনসহ অন্য সন্ত্রাসীরা পলাতক। এলাকায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে বলে জেলা প্রশাসনের তথ্যে উঠে এসেছে। সরকার সেখানে পুলিশ একাডেমি, কারাগার স্থানান্তরসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে গত ৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন।