আফগানিস্তানের পূর্বাঞ্চলে রবিবার গভীর রাতে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত ও ৫০০’র বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে। প্রায় দুই লাখ মানুষের এ শহরটি ভয়াবহভাবে কেঁপে ওঠে। রাজধানী কাবুল থেকেও প্রবলভাবে ভূমিকম্প ও একের পর এক আফটারশক অনুভূত হয়।
নানগরহার প্রদেশের কর্মকর্তা সেদিকুল্লাহ কোরেশি বাদলুন জানান, নিহতদের বেশিরভাগই পাশের কুনার প্রদেশে। নানগরহারে অন্তত নয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “দূরবর্তী গ্রামগুলো থেকে এখনো খবর আসছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।”
ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মীরা বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। বহু সড়ক ধসে পড়েছে এবং আশঙ্কা করা হচ্ছে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ইতিমধ্যে জালালাবাদ ও কাবুলের হাসপাতালগুলোতে হতাহতদের ভিড়ে চরম চাপ সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে।