সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে আজ বুধবার বেবিচকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।
দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে, সংস্থাটির সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি দল বেবিচকের ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে অভিযান পরিচালনা করছে। বেবিচক সূত্র জানায়, দুদকের দলটি সকালে বেবিচকে প্রবেশ করেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে। চেয়ারম্যান দলটিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বর্তমানে দুদকের দল বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরে অবস্থান করছে।
দুদক সূত্র জানিয়েছে, বেবিচকের ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
একই দিনে দুদকের অভিযান চলছে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও। এসব অভিযানের ফলাফল সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।