সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি; ভারতীয় সিগারেট জব্দ

দত্তগ্রাম সীমান্তে অভিযানের সময় ২৫–৩০ জনের একটি দল হামলা চালালে আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছোড়ে বিজিবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল চোরাকারবারিদের হামলার মুখে পড়েছে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। অভিযানে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ‘সাইমের ঘাট’ নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। বিজিবি জানায়, অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান রোববার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। জব্দ করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতাসহ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।