বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রেলের পূর্বাঞ্চলের ১৭০ স্টেশনের ৫৩টি বন্ধ, জনবল সংকটে কোনোটি অচল প্রায় ২৫ বছর

স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অভাবে ঢাকা বিভাগের ৩৪ ও চট্টগ্রাম বিভাগের ১৯ স্টেশনে কার্যক্রম বন্ধ; ট্রেন চললেও স্থানীয় যাত্রীরা সেবা পাচ্ছেন না।

রেলপথে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও রেলওয়ের পূর্বাঞ্চলের একের পর এক স্টেশনের কার্যক্রম বছরের পর বছর ধরে বন্ধ হয়ে আছে। কোথাও টিকিট বিক্রি বন্ধ, কোথাও নেই স্টেশন মাস্টার, আবার কোথাও পয়েন্ট পরিচালনার দায়িত্বে কেউ নেই। জনবল সংকটে কোনো কোনো স্টেশন প্রায় ২৫ বছর ধরে অচল রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, এ অঞ্চলের ১৭০টি স্টেশনের মধ্যে ৫৩টি বন্ধ। এর মধ্যে ৫১টি পুরোপুরি এবং দুটি আংশিক বন্ধ। চট্টগ্রাম বিভাগে বন্ধ রয়েছে ১৯টি, আর ঢাকা বিভাগে ৩৪টি; ঢাকা বিভাগের ৩৪টির মধ্যে ৩২টি পুরোপুরি ও দুটি আংশিক বন্ধ।

পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা সফিকুর রহমান জানান, স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান সংকটের কারণে এসব স্টেশন চালু রাখা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় অবসরে যাওয়া কর্মীদের শূন্য পদ পূরণ হয়নি। ফলে যেসব স্টেশনে এক সময় যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি ও ট্রেন পরিচালনার বিভিন্ন কাজ চলত, সেগুলো এখন বন্ধ।

চট্টগ্রাম বিভাগের ১৯টি বন্ধ স্টেশনের মধ্যে রয়েছে বাড়বকুণ্ড, বারৈয়াঢালা, মিরসরাই, মস্তাননগর, মুহুরীগঞ্জ, কালিদহ, শশদী, নাওটি, আলীশহর, ময়নামতি, ঝাউতলা, সরকারহাট, কাঞ্চননগর, ধলঘাট, দৌলতগঞ্জ, খিলা, বজরা, শাহাতলী ও চিতোষী রোড। এসব স্টেশনের অধিকাংশ ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-নাজিরহাট, লাকসাম-নোয়াখালী এবং লাকসাম-চাঁদপুর রেলপথে অবস্থিত। কোনোটি প্রধান রেলপথে, আবার কোনোটি শাখা রেলপথে।

স্টেশন বন্ধ হলেও সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। এতে স্থানীয় যাত্রীরা স্টেশনভিত্তিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি ট্রেন পরিচালনায়ও বাড়তি জটিলতা তৈরি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বাঞ্চল রেলে স্টেশন বন্ধ হওয়ার ইতিহাস অন্তত ২০০১ সাল পর্যন্ত বিস্তৃত; ওই বছর থেকে পর্যায়ক্রমে স্টেশন বন্ধ হতে শুরু করে।