ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। তবে এ প্রকল্পের আগে বগুড়ার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বগুড়ার প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান।
সমীক্ষায় যা দেখা হচ্ছে
মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরে কতগুলো উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর বিস্তৃত হবে এবং সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয় সমীক্ষায় দেখা হচ্ছে। এটি বড় ও জটিল পরিকল্পনা বলে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান আছে।
বগুড়াকে অগ্রাধিকার
বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা আছে। বগুড়ার কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা আছে।
মন্ত্রী মনে করেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি ঢাকার উত্তরের বিস্তৃত অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। বিমানবন্দর নির্মাণের সঙ্গে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন জড়িত।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও আছে।
ত্রিশালের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ এলাকায় পর্যটন উন্নয়নের সুযোগ আছে বলে তিনি উল্লেখ করেন।