ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জের ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও কাতারসহ কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব ঘটনায় প্রবাসী বাংলাদেশিরাও হতাহত হয়েছেন। আলোচনার উদ্যোগে কয়েক দিন হামলা বন্ধ থাকার পর আবার কয়েকটি দেশে হামলার খবর আসায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।
কুয়েতে অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসী পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বুধবার ভোরে দেশটির জাহারা এলাকার একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর ভাষ্য, ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রিয়াদ ও বাহরাইনে একই সময়ে হামলা হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
ওই প্রবাসী বলেন, ঝুঁকি নিয়েই প্রতিদিন কর্মস্থলে যেতে হচ্ছে। যুদ্ধের কারণে কুয়েতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, কিন্তু প্রবাসীদের বেতন বাড়েনি; বরং অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। দূতাবাস প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে, তবে পাসপোর্ট নবায়ন ও ভিসা সত্যায়নের মতো নিয়মিত সেবার বাইরে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে তাঁর অভিযোগ।
এদিকে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে ঢাকাসহ বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথের যোগাযোগ ব্যাহত হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে রিয়াদ বিমানবন্দরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদিয়া এয়ারলাইনসের যেসব যাত্রী লাগেজ পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ জানাতে বলা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন কোনো বিস্তারিত নির্দেশনা সেখানে পাওয়া যায়নি। প্রবাসীরা জানিয়েছেন, কাতারে আপাতত হামলার খবর নেই।
প্রবাসকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধে নিহত বাংলাদেশিদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে এবং তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশিদের বর্তমান অবস্থা সম্পর্কে দূতাবাস, কনস্যুলেট বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রবাসীরা জরুরি পরিস্থিতিতে সহায়তা ও প্রয়োজনে দ্রুত দেশে ফেরার ব্যবস্থায় দূতাবাস ও কনস্যুলেটগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।