ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। ভূমি অফিসে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, শুধু ভূমির তথ্য ডিজিটাইজ করলেই হবে না; তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে তা যাচাই ও নিয়মিত হালনাগাদ করতে হবে। রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়িত হলে মানুষের জমিসংক্রান্ত জটিলতা ও দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। সভায় ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।