খুলনা নগরীর আড়ংঘাটায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর টহল চলার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী ও এক ভ্যানচালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান ও খালেক একটি ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।
গুলি সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাঁ হাতে লাগে। দুজনের শরীরে গুলির ক্ষত ছাড়াও আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা ভ্যানে থাকা দুজনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। আহত দুজন সুস্থ হওয়ার পর তাঁদের সঙ্গে কথা বলে কোনো পূর্বশত্রুতা বা অন্য কারণ আছে কি না, তা জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।