বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রিয়াদের দিকে হুথি ক্ষেপণাস্ত্র, জোটের দাবি ধ্বংস করা হয়েছে; প্রত্যক্ষদর্শীদের ভাষ্য আর্থিক জেলার টাওয়ারের কাঁচ ভেঙেছে

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে প্রতিহত করা হয়েছে; ধ্বংসাবশেষে ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার ভোরে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যার মূল্যায়ন চলছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ভোর ৪টা ৪২ মিনিটে মোবাইল ফোনে “আকাশপথের হুমকি” সম্পর্কে সতর্কবার্তা পাঠায়। এর প্রায় তিন মিনিট পর জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর বিপদ কেটে গেছে বলে জানিয়ে নিরাপদ সংকেত দেওয়া হয়। সকাল ৫টা ২০ মিনিটের দিকে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্স-এ দেওয়া বিবৃতিতে জানান, হুথি গোষ্ঠীর রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র-হুমকি মোকাবিলা করা হয়েছে। তাঁর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ধ্বংসাবশেষ পড়েছে এবং বস্তুগত ক্ষতি যাচাই করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, রিয়াদের কিং আবদুল্লাহ আর্থিক জেলায় অবস্থিত ৮০ তলা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারের সম্মুখভাগের বেশ কয়েকটি তলার জানালা ভেঙে গেছে। ৩৮৫ মিটার উঁচু এই ভবনে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর। ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন এ তহবিল ৯০০ বিলিয়ন (প্রায় ৯০ হাজার কোটি) ডলারের বেশি সম্পদ পরিচালনা করে। টাওয়ারের ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আলাদা মন্তব্য পাওয়া যায়নি।

জোট আরও জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের ধামার অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চও ধ্বংস করা হয়েছে বলে জোটের দাবি; তাদের ভাষ্যে, ওই মঞ্চ রিয়াদে হামলায় ব্যবহৃত হয়েছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি গোষ্ঠী সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও রিয়াদের আর্থিক এলাকাকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে জানা গেছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনের সংঘাত অনেকটা স্তিমিত হয়ে এলেও গ্রীষ্মে তা আবার জ্বলে ওঠে। জাতিসংঘের হিসাবে সাম্প্রতিক লড়াইয়ে ১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

একই দিন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান রিয়াদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি আলোচিত হয়েছে। এর আগের দিনও রিয়াদের কিছু অংশে জোরালো বিস্ফোরণ হয়েছিল এবং জোট দুটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল।