গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ দুই-তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুরগামী ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টের ভুলের কারণে ইঞ্জিন ও কোচ লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, ট্রেনটি স্টেশনে থামার কথা থাকায় এর গতি কম ছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুতির কারণে স্টেশন এলাকায় যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।