নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে বগুড়ার ধুনট উপজেলায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ের সাতটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ থমকে আছে। কাজের অগ্রগতি ৭৫ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। কৃষিপণ্য পরিবহনসহ স্বাভাবিক যোগাযোগও ব্যাহত হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধুনটে সাতটি সড়কের কাজ হাতে নেওয়া হয়। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। সড়কগুলোর মধ্যে রয়েছে চৌকিবাড়ি হয়ে সোনামুখী-নয়া চান্দিয়াড় সড়ক, ঈশ্বরঘাট হয়ে কান্তনগর-বেড়েরবাড়ী ঘাট সড়ক, বেড়েরবাড়ী গ্রামের সড়ক, বুড়িরভিটা স্কুল হয়ে বিলচাপড়ী ঘাট-বেড়েরবাড়ী সড়ক, রুদ্রবাড়িয়া-সাগাটিয়া সড়ক এবং বড়িয়া পাকা সড়ক থেকে নদীর ঘাট পর্যন্ত সড়ক। প্রকল্প অগ্রগতি প্রতিবেদনে প্রতিটি সড়কের ভৌত অগ্রগতি ৭৫ শতাংশ উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও দীর্ঘদিন অসমাপ্ত পড়ে থাকায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও আংশিক নির্মাণের কারণে সড়কে গর্ত তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ; কৃষিপণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে বলে তাঁরা জানান।
ঠিকাদাররা বলছেন, রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে। কার্যাদেশ দেওয়ার সময় নির্ধারিত রেট শিডিউল অনুযায়ী কাজ নেওয়া হলেও বর্তমান বাজারদরে কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। সে কারণে তাঁরা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।