মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লা সিটি মেয়র নিয়ে সংসদ সদস্য ও প্রশাসকের পাল্টাপাল্টি মন্তব্যে স্থানীয় বিএনপিতে উত্তাপ

‘দল-গোষ্ঠী না দেখে ভালো মেয়র’ খোঁজার আহ্বানের পর সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা বলেছেন, সংসদ সদস্যকে জিজ্ঞেস করে নমিনেশন দেওয়া হবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে বিএনপির হয়ে মেয়র পদে কে লড়বেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি; নির্বাচনের দিনক্ষণও নির্ধারিত হয়নি। তবে এর মধ্যেই মেয়র নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি।

গত শনিবার বিকেলে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লার জন্য ফরজ একটি কাজ, সবাই মিলে একটি ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একটা ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব।’ তিনি আরও বলেন, ভালো মেয়র দিতে পারলে কুমিল্লা বাঁচবে, না হলে ধ্বংসের হাত থেকে রক্ষা নেই।

এ বক্তব্যের পরদিন রোববার নগর ভবনে সাংবাদিকদের সামনে পাল্টা জবাব দেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা। তিনি বলেন, ‘আমি তো কোনো সংসদ সদস্য বা কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্যের অধস্তন সিটি প্রশাসক নই। বাঘ বাঘিনীকে সঙ্গ দেয়, বাঘ বাগডাশকে সঙ্গ দেয় না।’ তাঁর ভাষ্য, ‘উনাকে (সংসদ সদস্য) জিজ্ঞেস করে নমিনেশন দেওয়া হবে না। উনাকে বলা হবে না যে আপনি গিয়ে মেয়রের নির্বাচন করেন।’

ইউসুফ মোল্লা আরও বলেন, দলের সব নেতা-কর্মী তাঁর জন্য কাজ করায় আজ তিনি সংসদ সদস্য হয়েছেন এবং এখন তিনি দল বোঝেন না। প্রকল্প কিংবা প্রশাসনিক সমস্যার আবেদন নিয়ে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক সংসদ সদস্যের কাছে যাবেন কেন—এমন প্রশ্নও তোলেন তিনি। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তিনি দল ছাড়া কিছু বোঝেন না এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত।

এ মন্তব্যের জবাবে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি বাঘ-বাঘিনীও না, আবার বাগডাশও না—আমি মানুষ। এখন কেউ যদি কিছু বলে, তা মাঠেই দেখা যাবে।’ দুই নেতার এসব মন্তব্যে তাঁদের মধ্যকার রাজনৈতিক দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে।